বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে দায়িত্ব পালনকারীদের সিদ্ধান্ত উচ্চশিক্ষার মান, প্রাতিষ্ঠানিক সুশাসন ও আর্থিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে উল্লেখ করে তিনি বলেন, অনেকেরই দায়িত্ব গ্রহণের আগে উচ্চশিক্ষা প্রশাসন পরিচালনার বিষয়ে আনুষ্ঠানিক প্রশিক্ষণ নেওয়ার সুযোগ হয় না। অথচ বিশ্ববিদ্যালয় পরিচালনায় একাডেমিক পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, জবাবদিহি ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা অপরিহার্য।
উচ্চশিক্ষার মানোন্নয়নে শিক্ষাদান, গবেষণা ও শিক্ষার্থীদের শিখনপ্রক্রিয়ার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে অধ্যাপক মামুন আহমেদ বলেন, শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা এমনভাবে গড়ে তুলতে হবে, যেন তারা দেশের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদাও পূরণ করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের স্নাতকেরা যেন শুধু চাকরিপ্রার্থী হিসেবে নিজেদের সীমাবদ্ধ না রাখেন, বরং উদ্যোক্তা হওয়া, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন পেশাগত ক্ষেত্রে নিজেদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর সক্ষমতা অর্জন করেন, সে লক্ষ্যেও উচ্চশিক্ষাব্যবস্থাকে প্রস্তুত করতে হবে।
তিনি জানান, দেশের উচ্চশিক্ষার গুণগত পরিবর্তন, প্রাসঙ্গিকতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে একটি কৌশলগত পরিকল্পনা (স্ট্র্যাটেজিক প্ল্যান) তৈরি করা হয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়, শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, এ প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা ও প্রাতিষ্ঠানিক নেতৃত্বের সক্ষমতা বাড়াতে সহায়ক হবে। এর মাধ্যমে উচ্চশিক্ষাব্যবস্থায় কৌশলগত পরিবর্তন আনা এবং ভবিষ্যতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকেরা আরো কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
গত ৯ থেকে ১৪ অক্টোবর ছয় দিনব্যাপী এ প্রশিক্ষণে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান, অ্যাডভান্স এইচইর জ্যেষ্ঠ পরামর্শক মার্ক ফিলিপ ও’হারা, হিট প্রকল্পের চিফ প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক সেলিনা জামান, ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট অধ্যাপক ড. মো. আবদুস সালাম এবং সিনিয়র কমিউনিকেশন স্পেশালিস্ট মো. জিল্লুর রহমানসহ ইউজিসি, হিট প্রকল্প ও ব্রিটিশ কাউন্সিলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।