বিতর্কিত ভোটার তালিকা সংশোধন বা ‘স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন’ প্রক্রিয়ার বিরুদ্ধে ভারতের রাজনীতি ও সামাজিক অঙ্গন এখন উত্তাল। এই আবহেই মো সরকারের নীতি ও সিদ্ধান্ত নিয়ে দেশজুড়ে নতুন করে চরম তোলপাড় শুরু হয়েছে। ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী তথা দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ পরাকলা প্রভাকর আগামী ২৩ অক্টোবর ‘ককরোচ জনতা পার্টি’ এবং ‘পিপল এগেইনস্ট এসআইআর’ জোটের আয়োজিত দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচিতে সরাসরি অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
অর্থমন্ত্রীর রাজনৈতিক অবস্থান ও দলের বাইরে গিয়ে তার স্বামীর এমন প্রকাশ্য পদক্ষেপ রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শুক্রবারের এই রাজপথের বিক্ষোভে পরাকলা প্রভাকরের পাশাপাশি একই মঞ্চে যোগ দিচ্ছেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, প্রখ্যাত অভিনেতা ও অধিকারকর্মী প্রকাশ রাজ, প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ, কৃষক নেতা রাকেশ টিকাইত এবং মহাত্মা গান্ধীর প্রপৌত্র ও লেখক তুষার গান্ধী।
সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের ডাক দিয়ে মোদি সরকারের তীব্র সমালোচক পরাকলা প্রভাকর লিখেছেন, ‘হর গলি মে জন্তর মন্তর! শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের এই পদযাত্রায় অংশ নিন।’ আয়োজক জোটের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, বিতর্কিত এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে দেশের প্রান্তিক, পিছিয়ে পড়া ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় ১৩ কোটি যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।