দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু শনিবার (৭ই নভেম্বর) সকালে লালমনিরহাটের সদর উপজেলার কাশীপুর উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষার উন্নত পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, কাশিপুর উচ্চ বিদ্যালয় এই অঞ্চলের অন্যতম পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান। এ বিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখতে মাঠ সংস্কার করা হয়েছে এবং নির্মিতব্য ভবনের নির্মাণকাজও দ্রুত সম্পন্ন করা হবে। পাশাপাশি বিদ্যালয়ের সীমানাপ্রাচীর ও প্রবেশদ্বার আধুনিকায়ন এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, কোনো অবস্থাতেই নির্ধারিত সময়ের আগে কোনো শিক্ষক বা শিক্ষার্থী বিদ্যালয় ত্যাগ করতে পারবে না।
বিদ্যালয়ের ফলাফল ভালো করার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি উচ্চশিক্ষার উপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে।
তিনি বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, পরিকল্পিতভাবে গাছ লাগানো এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য করে গড়ে তুলতে শিক্ষকসক সংশ্লিষ্টদের আহ্বান জানান। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।