খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম : খুলনায় সক্রিয় বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের অপরাধমূলক কর্মকাণ্ডের পাশাপাশি তাদের পক্ষে প্রচার-প্রচারণা চালাতে গণমাধ্যমকর্মী পরিচয়ধারী কিছু ব্যক্তির সহযোগিতার অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের বরাতে এমন তথ্য সামনে আসায় স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, খুলনা মহানগরী ও আশপাশের এলাকায় সক্রিয় কয়েকটি অপরাধী চক্র নিজেদের প্রভাব বিস্তার, আধিপত্য বজায় রাখা এবং বিভিন্ন কর্মকাণ্ডের পক্ষে প্রচারণা চালাতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে থাকে। এসব চক্রের সঙ্গে গণমাধ্যমকর্মী পরিচয়ধারী কিছু ব্যক্তির যোগাযোগ ও সহযোগিতার অভিযোগও রয়েছে।
অভিযোগ রয়েছে, অপরাধী চক্রের কেউ কেউ নিজেদের স্বার্থে সংবাদ প্রকাশ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং প্রতিপক্ষের বিরুদ্ধে নেতিবাচক তথ্য ছড়ানোর জন্য বিভিন্ন ব্যক্তিকে ব্যবহার করে। কোনো কোনো ক্ষেত্রে গণমাধ্যমকর্মী পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে অপরাধীদের স্বার্থ রক্ষার চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে।
খুলনায় অতীতে বিভিন্ন সময়ে অস্ত্র, মাদক, চাঁদাবাজি, হত্যাকাণ্ড ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক অপরাধী গ্রুপের নাম আলোচনায় এসেছে। এসব চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানও অব্যাহত রয়েছে। তবে অপরাধী গ্রুপগুলোর সঙ্গে গণমাধ্যমকর্মী পরিচয়ধারীদের সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট ব্যক্তি ও প্রমাণ প্রকাশ্যে না আসায় বিষয়টি তদন্তের দাবি রাখে।
সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। এই পেশার পরিচয় ব্যবহার করে কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে সহযোগিতা, অপরাধীদের তথ্য সরবরাহ কিংবা অপরাধী চক্রের পক্ষে প্রচারণায় অংশ নেয়, তাহলে তা শুধু সাংবাদিকতার মর্যাদাকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং সমাজের জন্যও উদ্বেগজনক।
এ অবস্থায় খুলনার অপরাধী চক্রগুলোর সঙ্গে গণমাধ্যমকর্মী পরিচয়ধারী কারও যোগাযোগ বা সহযোগিতার অভিযোগ থাকলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি উঠেছে। একই সঙ্গে প্রকৃত সাংবাদিকদের পরিচয় ব্যবহার করে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।