খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম : খুলনার আলোচিত সন্ত্রাসী নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য ও বাহিনীর প্রধান নুরাজিমের সহোদর শাহারিয়ার ইসলাম রকিকে মাদারীপুরের শিবচর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ আভিযানিক দল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মাদারীপুর জেলার শিবচর থানাধীন ডিসি রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার শাহারিয়ার ইসলাম রকি খুলনা মহানগরীর সদর থানাধীন ৮/১ টুটপাড়া ইস্ট সার্কুলার লেন এলাকার মৃত মো. শাহজাহানের ছেলে। তিনি খুলনার আলোচিত সন্ত্রাসী নুরাজিমের আপন ভাই এবং তার নেতৃত্বাধীন বাহিনীর অন্যতম শীর্ষ সদস্য হিসেবে পরিচিত।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, রকির বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় তিনটি হত্যা মামলা ও চারটি মাদক মামলাসহ মোট নয়টি মামলার তথ্য রয়েছে।
সম্প্রতি খুলনা নগরীর খানজাহান আলী সড়কের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে সশস্ত্র হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনায় নুরাজিম বাহিনীর নাম আলোচনায় আসে। গত ৭ নভেম্বর দুপুরে সংঘটিত ওই হামলায় চায়নিজ কুড়াল দিয়ে প্রতিষ্ঠানের বিভিন্ন আসবাব, এসি, টেলিভিশন ও কাচের দরজা ভাঙচুর করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানের এক কর্মীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও ওঠে।
এসআরবি সূত্রের দাবি, খুলনা নগরীতে মাদক কারবার, হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে নুরাজিম বাহিনীর সদস্যদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলার ঘটনায়ও বাহিনীটির সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে।
গ্রেপ্তারের পর শাহারিয়ার ইসলাম রকিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগর পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।