সার বিতরণে অনিয়ম করলে ডিলারশিপ বাতিল : জ্বালানি প্রতিমন্ত্রী
Syed Asaduzzaman
/ ৭
ভিউ:
হালনাগাদ:
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
শেয়ার করুন:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার বিতরণে কোনো ধরনের অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না। এক্ষেত্রে ডিলারের রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় বিবেচনা না করেই ডিলারশিপ বাতিলসহ দোষীদের আইনের আওতায় আনা হবে।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে যশোর সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে দুস্থ ও অসহায় পরিবার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে এ অনুদান দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সদর উপজেলার ২০০ দুস্থ পরিবার ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর হাতে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন।প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী যশোরের স্বাস্থ্যসেবা খাতে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।তিনি বলেন, আগামী জুন থেকে যশোর করোনারি কেয়ার ইউনিট পূর্ণাঙ্গরূপে চালু হবে। এ ছাড়া সাধারণ মানুষ যাতে সরকারিভাবে ডায়ালাইসিস সুবিধা পায়, সেজন্য যশোর জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিটও চালু করা হবে।
যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।