দেশের চলমান রাজনৈতিক সংকট মোকাবিলায় সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই লক্ষ্যে বিভিন্ন দলের সঙ্গে পৃথক মতবিনিময় বা সংলাপের উদ্যোগও নিয়েছে প্রধানমন্ত্রী। সরকারের এই আহ্বানকে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে ঐক্যের প্রশ্নে নিজেদের অবস্থান ও বেশ কিছু শর্ত সামনে এনেছে দল দুটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরির পেছনে রয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, জুলাই হত্যাকাণ্ডের বিচার, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এবং রাষ্ট্র সংস্কারের প্রশ্নে মতপার্থক্য। এসব বিষয়ে সরকারের অবস্থান নিয়ে অসন্তোষ রয়েছে জামায়াত ও এনসিপির মধ্যে। ফলে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ এবং বৈঠককে ইতিবাচক হিসেবে দেখলেও নিঃশর্তভাবে সরকারের পাশে দাঁড়াতে চাইছে না জামায়াত ও এনসিপি।
প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের শর্তের বিষয়ে জামায়াত ও এনসিপির নেতারা জানান, বৈঠকে গণভোটের রায়ের আলোকে জুলাই জাতীয় সনদ দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করার দাবি জানাবে তারা। এছাড়া নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে বলেও জানায় দল দুটির নেতারা।
ডিসেম্বরে সম্প্রতি গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পরে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করেন প্রধানমন্ত্রী। এরই অংশ হিসেবে বিভিন্ন দলের সঙ্গে সোমবার থেকে পৃথক মতবিনিময় বা সংলাপ বসছেন তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তার সংসদ ভবনের কার্যালয়ে চা চক্রে অংশ নেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেন জামায়াত আমির। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সহিংসতা ও নাশকতা মোকাবিলা, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।
বৈঠকসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, জামায়াত আমির জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের বিষয়টি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে প্রধানমন্ত্রীকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বদলীয় সংলাপ আয়োজনের পরামর্শ দেন শফিকুর রহমান। শুধু কর্মসূচিভিত্তিক ঐক্য নয়, বরং রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে একটি সমন্বিত অবস্থান তৈরির বিষয়েও গুরুত্ব দেন তিনি।
পরে ১৮ নভেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এর পর এই সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। পরদিন ১৯ নভেম্বর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট ১১-দলীয় ঐক্য জরুরি বৈঠক করে প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে আনুষ্ঠানিক সাধুবাদ জানায়।
সরকারের সঙ্গে জামায়াত ও এনসিপির দূরত্বের অন্যতম বড় কারণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মতবিরোধ। জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য গণভোটে জনগণের দেওয়া রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। অন্যদিকে সরকার সংসদীয় প্রক্রিয়ায় সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে। এই প্রক্রিয়া নিয়ে আপত্তি রয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের।
এমনকি সংবিধান সংশোধনসংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটিতে অংশ নেওয়ার বিষয়েও আপত্তি জানিয়েছে ১১-দলীয় জোট। তাদের বক্তব্য, সংবিধান সংস্কার পরিষদ গঠন ও গণভোটের রায় কার্যকরের বিষয়টি আগে নিশ্চিত করতে হবে। এ দাবিতে সংসদের পাশাপাশি রাজপথেও কর্মসূচি পালন করছে জোটটি।
রাজনৈতিক সূত্রগুলো বলছে, সরকার কি জামায়াত ও এনসিপির উত্থাপিত শর্তগুলো বিবেচনায় নিয়ে সমঝোতার উদ্যোগ নেবে, নাকি নিজেদের অবস্থানেই অনড় থাকবে?
সংশ্লিস্ট সূত্র জানায়, জুলাই জাতীয় সনদ, গণভোটের রায় এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সমঝোতা ছাড়া রাজনৈতিক ঐক্য টেকসই করা কঠিন হতে পারে।
জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এনপিবি নিউজকে বলেন, এনসিপির সাথে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে প্রধঅনমন্ত্রী তারেক রহমান। দেশের স্বার্থে যে কোনো সংলাপকে ইতিবাচক হিসেবে দেখে এনসিপি। প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণ এনসিপি ইতিবাচক সহিসেবে দেখছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেবে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এনপিবি নিউজকে বলেন, “প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে নিয়েছে এনসিপি। গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে বলে মনে করে এনসিপি।”
এনসিপির প্রচার সম্পাদক জয়নাল আবেদীন শিশির এনপিবি নিউজকে বলেন, সোমবার এনসিপির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবে। বৈঠকে গণভোটের রায়ের আলোকে জুলাই জাতীয় সনদ দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করার দাবি জানাবে এনসিপি।
প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র জামায়াতে ইসলামী পেয়েছে কিনা জানতে চাইলে শনিবার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ এনপিবি নিউজকে বলেন, এখনো প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র পায়নি জামায়াত। আমন্ত্রণ পেলে বৈঠকে জামায়াতের কি দাবি থাকবে জানতে চাইলে তিনি বলেন, জামায়াতের প্রধান দাবি হলো গণভোটের রায় বাস্তবায়ন। এই দাবির সাথে আরও ৬টি দাবির কথা জানান তিনি। তা হলো- জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ করা।