জুলাইয়ের নেতৃত্বের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এসব হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে জুলাইয়ের নেতৃত্ব, শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব দাবি জানান।পোস্টে তিনি বলেন, জনগণের কাছে চূড়ান্তভাবে ধিকৃত ও পরাজিত হওয়ার গ্লানি থেকে পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী এখনো বের হতে পারেনি। এ কারণে পরিকল্পিতভাবে জুলাইয়ের নেতৃত্বের ওপর একের পর এক হামলা চালানো হচ্ছে।
এসব হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ঘটনার পরও সরকার এখন পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। সরকারের এমন দায়িত্বহীনতা ও নির্লিপ্ততা সন্ত্রাসীদের আরও বেপরোয়া করে তুলছে।
পোস্টে নাহিদ ইসলামের দাবি, হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি চোরাগোপ্তা হামলা প্রতিরোধ এবং জুলাইয়ের নেতৃত্ব, শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।