গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রলবোমা হামলা এবং চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এসব হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের কর্মীদের দায়ী করে দলটিকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন তিনি।
গ্রামীণ ব্যাংকের মালিকানা প্রসঙ্গে তিনি লেখেন, ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা। বাকি ১০ শতাংশ সরকারের। অধ্যাপক ইউনূস ব্যাংকটি প্রতিষ্ঠা করেছেন এবং এর কার্যক্রমের ভিত্তি তৈরি করেছেন। তার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে ব্যাংকটিকে হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে মন্তব্য করেন নাহিদ।
এসব হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করার ব্যর্থতার বিষয়টিও তুলে ধরেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, গ্রামীণ ব্যাংক ও অধ্যাপক ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে বারবার অগ্নিসংযোগের ঘটনা বন্ধ এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির কর্মীরা দেশের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং ভারতের মাটি থেকে এসব কর্মকাণ্ড পরিচালনা করছে। এই আন্তসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আওয়ামী লীগের কর্মকাণ্ডের নিন্দা জানানো এবং দলটির মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো স্বীকার করার আহ্বান জানান নাহিদ। একই সঙ্গে আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি জানান তিনি।
পোস্টে জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের বরাত দিয়ে নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের আগস্টে সরকার পতনের মধ্য দিয়ে শেষ হওয়া গণ-অভ্যুত্থানে সর্বোচ্চ এক হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন।