তিনি বলেন, ‘প্রসিকিউশনের উপস্থাপন করা সব সাক্ষীই জিয়াউল আহসানের সহকর্মী এবং তারা প্রত্যক্ষদর্শী। তাদের সামনে বা অংশগ্রহণে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।’
২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার তিনটি অভিযোগ এনে গত বছর ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে ‘আনুষ্ঠানিক অভিযোগ’ দাখিল করে চিফ প্রসিকিউটর কার্যালয়। শুনানির পর ওইদনিই তা আমলে নেন ট্রাইব্যুনাল। পরে ১৪ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয় মামলার সাক্ষ্যগ্রহণ। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। গত ১৯ নভেম্বর এই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপন শেষ হয়। এরপর ২২ নভেম্বর জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষী উপস্থাপন করা হয়। এর মধ্য দিয়েই শেষ হয় মামলার সাক্ষ্য গ্রহণ।
জিয়াউল আহসান টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদলের ধারাবাহিকতায় গত বছরের ৬ অগাস্ট তাকে চাকরিচ্যুত করা হয়। ঢাকার খিলক্ষেত এলাকা থেকে ২০২৪ সালের ১৬ অগাস্ট তাকে গ্রেপ্তার করা হয়।