অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডাস্ট) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ইমাম হাসান ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী’ হিসেবে সম্মাননা পেয়েছেন। গত ২৫ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হলরুমে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষকরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের একাডেমিক ও সামগ্রিক কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে এই ঘোষণা দেন। বিভাগ সূত্রে জানা যায়, পরীক্ষার ফলাফল, ভাইভা ও ব্যবহারিক পরীক্ষায় দক্ষতা, নিয়মিত ক্লাসে উপস্থিতি, শৃঙ্খলা ও নৈতিকতা অনুসরণ, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, নেতৃত্বগুণ, ব্যবস্থাপনা দক্ষতা এবং বিশ্ববিদ্যালয় ও বিভাগের সঙ্গে পেশাদার আচরণ এই সবকটি বিষয় বিবেচনায় নিয়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন করা হয়।
ডিপার্টমেন্টের কো-অর্ডিনেট জুবায়ের আহমেদ জানান, পড়াশোনার পাশাপাশি বিভাগীয় নানা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং দায়িত্বশীল আচরণের কারণে ইমাম হাসান অন্যদের থেকে আলাদা করে নজরে এসেছেন।
সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় ইমাম হাসান বলেন, এই স্বীকৃতি তার জন্য অনুপ্রেরণার। শিক্ষকদের দিকনির্দেশনা ও সহপাঠীদের সহযোগিতায় তিনি এ অর্জন সম্ভব করেছেন বলে জানান। ভবিষ্যতে সাংবাদিকতা পেশায় নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, ইমাম হাসান বর্তমানে অনলাইন নিউজ পোর্টাল ‘উত্তরা নিউজ’-এ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন।
প্রতিবছর নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ থেকে শিক্ষার্থীদের এ ধরনের স্বীকৃতি প্রদান করা হয়।