বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৮৪ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টা ৪০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। আজ ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫)-এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ২০ গুণেরও বেশি রয়েছে।সকালে ঢাকার শীর্ষ ৪ দূষিত এলাকা যথাক্রমে সাভারের হেমায়েতপুর (২৫৭), মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৩৪), মাদানি সরণির বেইজ এজওয়াটার (২০৭) এবং কল্যাণপুর (২০৩)। এসব এলাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আজ দূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উগান্ডার শহর কাম্পালা। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে পোল্যান্ডের ক্রাকো, নেপালের কাঠমান্ডু ও মিয়ানমারের ইয়াঙ্গুন।







