ফ্লোরিডা আলোচনার সময় ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য অগ্রগতি হয়েছে বলে ডোনাল্ড ট্রাম্প এবং ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন। কিন্তু ট্রাম্প বলেছেন, ‘এক বা দুটি অত্যন্ত জটিল বিষয় অমীমাংসিত রয়ে গেছে, বিশেষ করে ভূমি ইস্যু।’
মার-এ-লাগোতে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রেখে জেলেনস্কি বলেছেন, তারা ২০-দফা শান্তি পরিকল্পনার ৯০ শতাংশ বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছেন। অন্যদিকে ট্রাম্প বলেছেন, ইউক্রেনের জন্য নিরাপত্তা গ্যারান্টি প্রায় ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে।তবে ভবিষ্যতের আক্রমণ থেকে ইউক্রেনকে রক্ষা করার জন্য লজিস্টিক সহায়তা বা সেনা মোতায়েনের আনুষ্ঠানিক প্রতিশ্রুতির বিষয়ে কিছু বলেননি।
জেলেনস্কি পরে বলেন, যুদ্ধের অবসানের লক্ষ্যে আরো আলোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনীয় দল আগামী সপ্তাহে মিলিত হবে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, ‘আমরা সব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি এবং গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনীয় ও আমেরিকান দল যে অগ্রগতি করেছে তা অত্যন্ত মূল্যবান বলে মনে করি।’
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করে এবং মস্কো বর্তমানে ইউক্রেনীয় ভূখণ্ডের প্রায় ২০শতাংশ নিয়ন্ত্রণ করছে।পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল মূলত রাশিয়ার নিয়ন্ত্রণে। একে একটি অসামরিক অঞ্চলে পরিণত করার প্রস্তাব এখনো অমীমাংসিত রয়ে গেছে বলে ট্রাম্প জানান। মস্কো বর্তমানে দোনেৎস্ক অঞ্চলের প্রায় ৭৫ শতাংশ এবং পার্শ্ববর্তী লুহানস্কের প্রায় ৯৯ শতাংশ নিয়ন্ত্রণ করছে। অঞ্চলগুলো সম্মিলিতভাবে ডনবাস নামে পরিচিত।
রাশিয়া চায় ইউক্রেন ডনবাসে তাদের নিয়ন্ত্রণাধীন ক্ষুদ্র ভূখণ্ড থেকে নিজেদের সরিয়ে নেবে, অন্যদিকে কিয়েভ জোর দিয়ে বলেছে, এই অঞ্চলটি ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে একটি মুক্ত অর্থনৈতিক অঞ্চলে পরিণত হতে পারে। ট্রাম্প বলেন, ‘এটি একটি অত্যন্ত কঠিন সমস্যা। যার সমাধান হবে।’
এ ক্যাটাগরির আরো নিউজ..