ইনফান্তিনোকে ছাঁটাই হবে ‘ভয়াবহ ভুল’ : ফিফাকে ট্রাম্পের হুঁশিয়ারি
Syed Asaduzzaman
/ ৩
ভিউ:
হালনাগাদ:
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
শেয়ার করুন:
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার যেকোনো চিন্তার বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফাকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে সংস্থাটির জন্য এক ‘ভয়াবহ ভুল’।
সোমবার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘যেকোনো কারণেই হোক না কেন, প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোকে পদচ্যুত করার কথা চিন্তাও করলে ফিফা এক ভয়াবহ ভুল করবে।’
ফিফা সভাপতির ভূয়সী প্রশংসা করে ট্রাম্প তাকে ‘চমৎকার’ হিসেবে অভিহিত করেন। পাশাপাশি দাবি করেন, ইনফান্তিনোর নেতৃত্বেই এ যাবৎকালের সবচেয়ে সফল ও চার গুণ বড় বিশ্বকাপের আয়োজন সম্ভব হয়েছে। ট্রাম্প আরো বলেন, ‘তিনি পদচ্যুত হলে ফিফা আর কখনো এতটা সফল বা লাভজনক জায়গায় পৌঁছাতে পারবে না।বিশ্বকাপ ফুটবলের মালিকানার একটি অংশ বেসরকারি ইক্যুইটি বিনিয়োগকারীদের কাছে বিক্রির একটি ব্যর্থ পরিকল্পনাকে কেন্দ্র করে বর্তমানে তীব্র চাপের মুখে রয়েছেন ইনফান্তিনো।
এই ইস্যুতে সোমবার ইউরোপীয় ফুটবল সংস্থা (উয়েফা), উত্তর ও মধ্য আমেরিকা ফুটবল সংস্থা (কনকাকাফ) এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) যৌথভাবে একটি খোলা চিঠি পাঠায়। সেখানে এই পরিকল্পনাকে ফিফার ওপর ‘আস্থার চরম বিশ্বাসঘাতকতা’ বলে অভিহিত করা হয়। চিঠিতে সংস্থা তিনটি সতর্ক করে জানায়, ‘যখন ছলচাতুরীর মাধ্যমে আস্থায় ফাটল ধরে এবং কোনো ব্যক্তি নিজেকে অর্পিত ক্ষমতার চেয়ে বড় ভাবতে শুরু করেন, তখন সেই দায়িত্ব পালনের নৈতিকতা হারিয়ে যায়।
তবে এমন পরিস্থিতিতে ফিফা গত সপ্তাহে তাদের ব্যর্থ পরিকল্পনার জন্য দুঃখপ্রকাশ করেছে। মরক্কোয় অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে ফিফার জ্যেষ্ঠ কর্মকর্তারা ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
এক বিজ্ঞপ্তিতে ফিফা জানিয়েছে, বিতর্কিত সেই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। সেই সঙ্গে সংস্থাটির সততা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার যেকোনো অপচেষ্টা বরদাস্ত করা হবে না এবং সুনাম রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও কঠোর বার্তা দেওয়া হয়।