আবারও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হয়েছেন ইলন মাস্ক। স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম বাড়ায় এ মাইলফলক স্পর্শ করেন তিনি।ফোর্বসের হিসাবে, সোমবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে লেনদেন শুরুর পর তার সম্পদের মূল্য ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলার ছাড়িয়ে যায়। এর আগে গত জুনে প্রথমবার তিনি ট্রিলিয়নিয়ার হন। শেয়ারের দাম কমে যাওয়ায় পরে সেই মর্যাদা হারান।ফোর্বসের তথ্য অনুযায়ী, একদিনে মাস্কের সম্পদ বেড়েছে ৩০ দশমিক ৬ বিলিয়ন বা ৩ হাজার ৬০ কোটি ডলার।এর ফলে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোসের চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন তিনি। বেজোসের সম্পদের মূল্য ৩৭১ দশমিক ৫ বিলিয়ন ডলার।
ইয়াহু ফাইন্যান্সের তথ্য অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহে স্পেসএক্সের শেয়ারের দাম বেড়েছে ১৭ দশমিক ৬১ শতাংশ। একই সময়ে টেসলার শেয়ারের দাম বেড়েছে ৫ দশমিক ৯৫ শতাংশ।গতকাল টেসলার শেয়ারের দাম ১ শতাংশের বেশি বেড়ে ৩৭৮ ডলারে ওঠে। আর স্পেসএক্সের শেয়ারের দাম বাড়ে ৭ শতাংশের বেশি। উঠে যায় ১৭১ ডলারে।স্পেসএক্সের শেয়ারের দাম বাড়ার পেছনে কোম্পানিটির মূল্যায়ন নিয়ে মর্গ্যান স্ট্যানলির ইতিবাচক পূর্বাভাস এবং গত সপ্তাহে স্টারশিপের সফলভাবে কক্ষপথে পৌঁছানোর বিষয়টি ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া তৃতীয় প্রান্তিকে টেসলার গাড়ি সরবরাহ বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায় কোম্পানিটির শেয়ারের দামও বেড়েছে।
এদিকে মাস্কের জীবন নিয়ে নির্মিত প্রায় চার ঘণ্টার তথ্যচিত্র ‘মাস্ক’ আগামী শুক্রবার নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। পরিচালক অ্যালেক্স গিবনির নির্মিত তথ্যচিত্রটির সমালোচনা করেছেন মাস্ক এবং নির্মাতার বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়েছেন।
সম্প্রতি মাস্কের সাবেক সঙ্গী শিভন জিলিসও তাদের সম্পর্কের ইতি টানার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। জিলিস নিউরালিংকের নির্বাহী এবং তাদের চার সন্তান রয়েছে।
এ ক্যাটাগরির আরো নিউজ..