ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক তৎপরতায় পিছিয়ে নেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ২৪-এর গণ-অভ্যুত্থান পরবর্তীতে গড়ে ওঠা দলটি ভোটের মাঠে বেশ জোরেশোরে নেমেছে।
দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা যুগান্তরকে বলেন, ‘আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে এনসিপির মনোনয়নপত্র বিক্রি ও জমা হচ্ছে। শীর্ষ নেতাদের অনেকে মনোনয়ন ফরম কিনছেন। বাকিরা দ্রুত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করবেন। ফরম বিতরণের শুরু থেকে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল-সহকারে কার্যালয়ে আসছেন মনোনয়নপ্রত্যাশীরা।’এনসিপি সূত্রে জানা যায়, দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে (বাড্ডা, ভাটারা ও রামপুরা) এবং সদস্য সচিব আখতার রংপুর-৪ আসনে প্রার্থী হবেন। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১, জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ঢাকা-১৪ আসনে প্রার্থী হবেন। আর এনসিপি ঘনিষ্ঠ সরকারে থাকা দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ পদত্যাগ করে নির্বাচন করবেন বলে জানা যাচ্ছে। মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ এবং আসিফ মাহমুদ ঢাকা-১০ থেকে প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে।
এছাড়া ঢাকা-১৩ আসনে আকরাম হুসেইন, ভোলা-১ আসনে সামান্তা শারমিন, নরসিংদী-২ আসনে সারোয়ার তুষার, নোয়াখালী-৬ আসনে আবদুল হান্নান মাসউদ, নারায়ণগঞ্জ-৪ আসনে আবদুল্লাহ আল আমিন, কুমিল্লা-১০ আসনে জয়নাল আবেদীন শিশির, কুড়িগ্রাম-২ আসনে আতিক মুজাহিদ, ফেনী-২ আসনে সালেহ উদ্দিন সিফাত, চুয়াডাঙ্গা-২ আসনে মোল্লা ফারুক এহসান, চট্টগ্রাম-১৬ আসনে মীর আরশাদুল হক, ঝালকাঠি-১ আসনে মশিউর রহমান, ঢাকা-৫ আসনে নিজাম উদ্দিন, সিরাজগঞ্জ-৫ আসনে মাহিন সরকার, নওগাঁ-৫ আসনে মনিরা শারমিন, পটুয়াখালী-২ আসনে মুজাহিদুল ইসলাম শাহিন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আশরাফ উদ্দীন মাহাদী, সিরাজগঞ্জ-২ আসনে এসএম সাইফ মোস্তাফিজ, বাগেরহাট-৩ আসনে মোল্যা রহমতুল্লাহ, ফেনী-১ আসনে এহসানুল মাহবুব জোবায়ের, নীলফামারী-৪ আসনে আবু সাঈদ লিয়ন, ঝালকাঠি-১ আসনে আরিফুর রহমান তুহিন এবং মেহেরপুর-২ আসনে সাকিল আহমাদ প্রার্থী হবেন বলে দলটির সূত্র জানিয়েছে।