বাংলাদেশের দ্রুত বিকাশমান ফার্মাসিউটিক্যালস ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স। দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার করার লক্ষ্যে সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে।
বৈঠকে বাংলাদেশ-ফ্রান্স বাণিজ্য সম্পর্ক, বিনিয়োগ প্রবাহ, রপ্তানির সুযোগ এবং নতুন অর্থনৈতিক সম্ভাবনাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।ফ্রান্সের রাষ্ট্রদূত জানান, ফরাসি সরকার দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য উন্নয়নে কাজ করছে এবং সেই ধারাবাহিকতায় বিনিয়োগ সহযোগিতা আরো বাড়াতে আগ্রহী।
তিনি বলেন, বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস শিল্প দক্ষিণ এশিয়ার মধ্যে অত্যন্ত সম্ভাবনাময় একটি সেক্টর—যেখানে ফ্রান্স নতুন বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর এবং যৌথ উদ্যোগে কাজ করতে চায়।এ ছাড়া আইসিটি ও প্রযুক্তি খাতে বাংলাদেশের অগ্রগতি, দক্ষ মানবসম্পদ এবং সরকারি প্রণোদনা ফরাসি কম্পানিগুলোর বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে। সফটওয়্যার ডেভেলপমেন্ট, আইটি সেবা, স্টার্টআপ ইকোসিস্টেম ও ডাটা সল্যুশন খাতে ফরাসি প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ বিবেচনা করছে বলেও তিনি উল্লেখ করেন।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ফ্রান্স বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্য অংশীদার এবং দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে।তিনি জানান, ফরাসি বিনিয়োগে দেশে মূলধন প্রবাহ বাড়বে, যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি তুলনামূলক কম শ্রম ব্যয় ও উৎপাদন খরচের কারণে বাংলাদেশ ফরাসি ব্যবসায়ীদের জন্য অত্যন্ত সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।
এ ক্যাটাগরির আরো নিউজ..