মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী এম সায়েদ আলী থেকে ১৬ হাজার ৫৬৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার এ জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ৩০ বছর পর আসনটি পুনরুদ্ধার করল বিএনপি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।
ফলাফল ঘোষণার পর কুলাউড়া উপজেলাজুড়ে ধানের শীষের নেতা-কর্মীদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। উপজেলা পরিষদের সামনে হাজার হাজার বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের বিজয় উল্লাস করতে দেখা গেছে।ঘোষিত ফলাফলে দেখা যায়, বিএনপির ধানের শীষের প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু ৬৭ হাজার ৭২১ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেছেন। তার নিকটতম জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লার প্রার্থী এম সায়েদ আলী পেয়েছেন ৫১ হাজার ১৫৩।
অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ২৭২ ভোট, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান ফুটবল প্রতীক নিয়ে ১৩ হাজার ৬১৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী জিমিউর রহমান চৌধুরী ম্যান্ডেলা ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১৩৩ ভোট, বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী কাঁচি প্রতীকে পেয়েছেন ৫৭৪ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত আব্দুল কুদ্দুস হাতপাখা প্রতীকে পেয়েছেন ৫০২ ভোট এবং জাতীয় পার্টি মনোনীত মো. আব্দুল মালিক লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮১ ভোট।
এ আসনে ১৩টি ইউনিয়ন ও ১ পৌরসভায় মিলে ভোটার সংখ্যা হলো ২ লাখ ৯৭ হাজার ৪২৯। মোট প্রদত্ত ভোট হলো ১ লাখ ৬৫ হাজার ৯৭৬। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৪৫০।
বাতিল ভোট ৪ হাজার ৫২৬। প্রদত্ত ভোটের শতকরা হার ৫৫.৮০ শতাংশ। এদিকে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ৮০ হাজার ৮৩৪। না ভোট পড়েছে ৬৭ হাজার ৩০৫।এমপি নির্বাচিত হয়ে এক প্রতিক্রিয়ায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপস্থিত হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপি প্রার্থী শওকতুল ইসলাম শকু।
তিনি বলেন, ‘এ বিজয় সমগ্র কুলাউড়া উপজেলার সকল নাগরিকের। নির্বাচনে কার ভোট পেলাম কিংবা পেলাম না সেটা বড় বিষয় নয়। কুলাউড়ার সকল শ্রেণী পেশার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দল, মত, নির্বিশেষে কুলাউড়ার এমপি হয়ে জনগণের জন্য কাজ করে যেতে চাই।’তিনি আরো বলেন, ‘কুলাউড়ার সবক’টি চা-বাগানের শ্রমিকসহ সকল ভোটারদের ঋণ শোধ করার নয়। এবারের নির্বাচনে চা শ্রমিক ভাইবোনেরা রেকর্ড সংখ্যক ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করতে ভূমিকা রেখেছেন।’
উল্লেখ্য, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী এম এম শাহীন জয়ী হন। এরপর ১৯৯৬ সালের জুন মাসের নির্বাচনের পর থেকে ছয়টি সংসদ নির্বাচনে টানা ৩০ বছরের মধ্যে দুইবার আওয়ামীলীগ, একবার জাতীয় পার্টি, দুইবার স্বতন্ত্র ও একবার গণফোরামের এমপি নির্বাচিত হোন। এবারের নির্বাচনে শওকতুল ইসলাম শকুর বিপুল ভোটে বিজয়ের মাধ্যমে হারানো আসনটি পুনরুদ্ধার করল বিএনপি।
এ ক্যাটাগরির আরো নিউজ..