দেশের কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আজ শনিবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় শুরু হয়ে ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা ৩টা পর্যন্ত চলবে।
এ বছর কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর আসনসংখ্যা মোট তিন হাজার ৭০১টি। এসব আসনের বিপরীতে ৮৮ হাজার ২২৮ জন শিক্ষার্থী অংশ নেবেন।সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ২৪ জন। এবার ৯টি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে মোট ২০টি উপকেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার প্রযুক্তিগত ও প্রশাসনিক সব সমন্বয় করবে গাকৃবি।
কৃষি গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
মোট আসনের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এক হাজার ৬টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ৫১০টি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ৭০৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪৫২টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ৯০টি ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮২টি আসন রয়েছে।
এদিকে ভর্তিচ্ছুদের শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার সুবিধার্থে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নানা প্রস্তুতি ও বিশেষ আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাকৃবিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে চালু করা হয়েছে ‘স্পেশাল বাস সার্ভিস’। পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে এবং যথাসময়ে কেন্দ্রে পৌঁছানো নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পরীক্ষার শুরু আগে তিন ট্রিপে ও পরে এক ট্রিপে নির্ধারিত রুটগুলোতে বাস চলাচল করবে।গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। রুটগুলো হলো-—পরীক্ষার শুরু পূর্বে দিঘারকান্দা বাইপাস মোড় থেকে কেওয়াটখালী বাইপাস পর্যন্ত তিনটি ট্রিপে বাস চলবে। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাসগুলো পরীক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে আসবে। পরীক্ষা শেষে বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড থেকে দিঘারকান্দা বাইপাস মোড় পর্যন্ত একটি ট্রিপ পরিচালিত হবে।
এছাড়া, ভর্তি পরীক্ষার কেন্দ্রে এসে শিক্ষার্থীদের হলরুম খুঁজে পেতে এক বিড়ম্বনায় পড়তে হয়। সেই দুশ্চিন্তা কমাতে ভর্তিচ্ছুদের পাশে দাঁড়াল বাকৃবি প্রশাসন। তৃতীয়বারের মতো পরীক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে ‘বাউ এক্সাম হল ফাইন্ডার’। ওয়েবভিত্তিক এই সিস্টেমে পরীক্ষার্থীরা তাদের রোল নম্বর দিলে সংশ্লিষ্ট পরীক্ষার হলের প্রধান ফটকের ছবি দেখতে পাবেন। পাশাপাশি জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে সবচেয়ে কম সময়ে হলে পৌঁছানোর সঠিক দিকনির্দেশনাও মিলবে।এক্ষেত্রে শিক্ষার্থীদের গুগল ক্রোমে ‘এক্সাম হল ফাইন্ডার’ লিখে সার্চ করলেই সিস্টেমটি পাওয়া যাবে। অথবা সরাসরি (https://bie.bau.edu.bd/ExamHall/) এই ওয়েব অ্যাড্রেসে প্রবেশ করলে হলরুম সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। এছাড়া পরীক্ষার্থীরা যেন সহজেই কেন্দ্র খুঁজে পায়, সেজন্য ক্যাম্পাসের মোড়ে মোড়ে কিউআর কোডসহ ফেস্টুন থাকবে। প্রয়োজনে ভলান্টিয়ার ও আইসিটি সেল হেল্প ডেস্কের সঙ্গে সরাসরি যোগাযোগের ব্যবস্থা রাখা হয়েছে।
ভর্তি পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করতে প্রথমবারের মতো বাকৃবিতে স্থাপন করা হয়েছে ‘কেন্দ্রীয় হেল্প ডেস্ক’। পরীক্ষার দিন ক্যাম্পাসে এলাকা, জেলা কিংবা সংগঠনভিত্তিক কোনো আলাদা ‘হেল্প ডেস্ক’ স্থাপন না করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ২৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিলো। কেন্দ্রীয় হেল্প ডেস্কটি ছাত্র বিষয়ক বিভাগের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন সংলগ্ন আমতলায় স্থাপন করা হয়েছে। এখান থেকেই পরীক্ষার্থীদের আসন বিন্যাসসহ ভর্তি পরীক্ষা সংক্রান্ত সব ধরনের প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদান করা হবে।
এ ক্যাটাগরির আরো নিউজ..