খুলনার কয়রায় মাত্র ৫ বছরের এক শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগে মো: সাইদুল ইসলাম (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ১৭ জুলাই ২০২৬ তারিখে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রণয় মন্ডল আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
গতকাল ১৬ জুলাই ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১:০০ টার দিকে কয়রা থানার গোবরা গ্রামের প্রতিবেশী সাইদুল ইসলাম বাদীকে (শিশুর মা) মাছ ভেজে দেওয়ার কথা বলে। রান্না করার তেল-পেঁয়াজ না থাকায় সাইদুল বাদীর ৫ বছরের শিশু পুত্র আব্দুল্লাহকে তেল ও পেঁয়াজ আনার কথা বলে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়।
বেশ কিছুক্ষণ পার হয়ে গেলেও ছেলে ফিরে না আসায় মা তাকে খুঁজতে সাইদুলের বাড়িতে যান। সেখানে ঘরের দরজা বন্ধ দেখে জানালার পর্দা সরিয়ে তিনি দেখতে পান, বিছানার ওপর তার শিশু পুত্রকে জোরপূর্বক পাশবিক নির্যাতন করা হচ্ছে। মায়ের চিৎকারে ও প্রাথমিক সত্যতা পেয়ে পরবর্তীতে পুলিশ অভিযুক্ত সাইদুল ইসলামকে গোবরা ঘাটখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে গ্রেপ্তার করে।
কয়রা থানায় এ সংক্রান্ত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০)-এর ৯(১) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং- ০৮, তারিখ: ১৬/০৭/২৬ ইং)।
তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, মামলার তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে এবং আসামি যাতে জামিনে মুক্ত হয়ে পালিয়ে যেতে না পারে, সেজন্য তাকে জেল হাজতে আটকে রাখার আবেদন জানিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।