বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চারটি ক্ষেত্রে ‘খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫’ ঘোষণা করা হয়েছে। কয়েক মাসের মধ্যে এবার আট গুণী ব্যক্তিত্বকে এই অ্যাওয়ার্ড হাতে হাতে দেওয়া হবে।

৩ জানুয়ারী ২০২৬, শনিবার সকাল ১১ টায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ক্রিয়েটিভ এসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি এন্ড লাইব্রেরী এর সেমিনার রুমে “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। দি ইলেক্টোরাল কমিটি ফর খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-এর সহ-সভাপতি কবি মো. নূরুল আবেদীনের সভাপতিত্বে দেশের ৮ গুণী ব্যক্তিকে অ্যাওয়ার্ড ঘোষণা করেন গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন। লাইভসহ উপস্থিত শ্রোতাদের সামনে স্বাগত বক্তব্য দেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার। বক্তব্য রাখেন অ্যাওয়ার্ড কমিটির সদস্য ও ইলেক্টর ডাঃ হিউবার্ড চক্রবর্তী, ইলেক্টর বাহার উদ্দিন, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল গফুরসহ গৌরীপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ও প্রয়াত পেন অ্যাওয়ার্ডপ্রাপ্তদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নীরবতা পালন করলেন।
এবার চারটি ক্ষেত্রের মধ্যে শিল্পকলা, শিক্ষা, ভাষা ও সাহিত্যের জন্য নির্বাচিত হয়েছেন ৪ জন।কবি, লেখক, গবেষক অবসরপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ আলী খান, অভিনেতা আজিজূল হাকীম, কবি ও সাহিত্যিক শামীম আরা জামান, সাংবাদিক, সাহিত্যিক, সম্পাদক ও প্রকাশক মো. আবু ইমরান ছিদ্দিকি রুবেল। সাংবাদিকতা ও আলোকচিত্রের জন্য নির্বাচিত হয়েছেন ২ জন- বৈশাখী টেলিভিশন ময়মনসিংহ জেলা প্রতিনিধি ও ইংরেজি ডেইলী এক্সপ্রেস পত্রিকার জেলা প্রতিনিধি মো. রাকিবুল হাসান রুবেল; দৈনিক কালের কন্ঠ ময়মনসিংহ জেলা প্রতিনিধি আলম ফরাজী। বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা ক্ষেত্রে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ জেলার কৃষি গবেষক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) এর সহকারী প্রকল্প পরিচালক (প্রশিক্ষণ) ড. মো. হমায়ুন কবীর, (ডিএই, কৃষি মন্ত্রণালয়, ঢাকা।) এবং সমাজসেবায় জামালপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী মো রুকনুজ্জামান।
অ্যাওয়ার্ড কমিটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার বলেন, ”খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫ এপ্রিল মাসের যে কোনো একদিন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড” বীরযোদ্ধার প্রতিচ্ছবির আকৃতির পদক বা ক্রেস্ট, উত্তরীয় ও সার্টিফিকেট বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে।