ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত বেসরকারি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক (সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার) হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
মঙ্গলবার (২৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়টি এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে গ্রামীণ ইউনিভার্সিটি বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক অনুমতি নিয়ে অধ্যাপক নিয়াজ আহমদ খান গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক (সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার) হিসেবে যোগদান করেছেন।
এতে বলা হয়, সরকারি অনুমোদনের পর গ্রামীণ বিশ্ববিদ্যালয় বর্তমানে দ্রুত অগ্রসর হচ্ছে।বিশ্ববিদ্যালয়টি একদিকে একাডেমিক কার্যক্রম চালুর প্রস্তুতি এগিয়ে নিচ্ছে, অন্যদিকে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজও চলছে। প্রায় ৩৩ একর জমির ওপর এ ক্যাম্পাসটি নির্মিত হতে যাচ্ছে। জমির প্রথম অংশটি ২০১৪ সালে গাজীপুরের কালীগঞ্জের পূর্বাচলে অধিগ্রহণ করা হয়। তবে বারবার প্রক্রিয়া সম্পন্নের পরেও তৎকালীন সরকার অনুমোদন না দেওয়ায় প্রকল্পে বিলম্ব হয়েছে।
ফলে এর কার্যক্রমও শুরু করা সম্ভব হয়নি।ইউনিভার্সিটি ট্রাস্ট জানিয়েছে, প্রাথমিকভাবে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে রাজধানী ঢাকার দিয়াবাড়িতে অবস্থিত গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং (জিসিসিএন) ক্যাম্পাসে। এ নার্সিং কলেজটি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অনুষদের অধীনে পরিচালিত হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন নিয়াজ আহমেদ।গত ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই পদ থেকে পদত্যাগ করেন তিনি।
এ ক্যাটাগরির আরো নিউজ..