শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৪ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাসটি জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকের ভেতরে প্রবেশ করে। এরপর শহীদ বেদির সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান।এসময় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন তিনি ও তার সঙ্গে আসা অন্যান্য নেতৃবৃন্দ।জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা শেষে উপস্থিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার উদ্দেশ্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘রাস্তায় জনস্রোতের মধ্যে আসতে দেরি হয়েছে। এতটা সময় আপনারা অপেক্ষা করেছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শুক্রবার সন্ধ্যা ৫টা ৬ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতারা।
বিএনপির মিডিয়া সেলের এক পোস্টে জানানো হয়েছে, মহান জাতীয় স্মৃতিসৌধের বেদীতে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিকেল ৫টা ৬ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।