মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে কোল টমাস অ্যালেন নামে ৩১ বছর বয়সী এক যুবককে অভিযুক্ত করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ওয়াশিংটনের ফেডারেল আদালতে তাকে প্রথমবারের মতো হাজির করা হয়। দোষী সাব্যস্ত হলে এই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ওয়াশিংটনে সাংবাদিকদের বার্ষিক মর্যাদাপূর্ণ অনুষ্ঠান ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন ডিনার’-এ এই হামলার চেষ্টা চালানো হয়।ক্যালিফোর্নিয়ার বাসিন্দা অ্যালেন ১২-গেজ শটগান, একটি সেমি-অটোমেটিক হ্যান্ডগান ও তিনটি ছুরিসহ অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছিলেন। তদন্তকারীরা জানিয়েছেন, উদ্ধারকৃত শটগানটি থেকে গুলি চালানো হয়েছিল, যার প্রমাণ হিসেবে একটি ব্যবহৃত গুলির খোল পাওয়া গেছে।
আদালতে সরকারি আইনজীবী জসলিন ব্যালান্টাইন সরাসরি বলেন, তিনি মার্কিন প্রেসিডেন্টকে হত্যা করার চেষ্টা করেছিলেন। শুনানির সময় অ্যালেন একটি নীল ভি-নেক শার্ট ও প্যান্ট পরা ছিলেন এবং তার হাত পেছন দিকে হাতকড়ায় বাঁধা ছিল।যদিও অ্যালেন অভিযোগের বিষয়ে কোনো সরাসরি জবাব দেননি, তবে তিনি জানান যে তার কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে।
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ জানান, ঘটনার রাতে আত্মীয়দের পাঠানো একটি ই-মেইলে অ্যালেন ট্রাম্পকে বিশ্বাসঘাতক হিসেবে উল্লেখ করেছিলেন। রাজনৈতিক বিদ্বেষ থেকেই তিনি এই হামলার পরিকল্পনা করেন বলে প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। ব্লাঞ্চ আরো বলেন, নাগরিক জীবনে সহিংসতার কোনো স্থান নেই এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ব্যাহত করতে এটি ব্যবহার করতে দেওয়া হবে না।
আদালত বর্তমানে কোল অ্যালেনকে জামিন না দিয়ে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন এবং বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ওয়াশিংটনের মার্কিন অ্যাটর্নি জেনিন পিরো জানিয়েছেন, তার বিরুদ্ধে ভবিষ্যতে আরো কঠোর অভিযোগ আনা হতে পারে।
এ ক্যাটাগরির আরো নিউজ..