এমতাবস্থায় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে একটি খোলা চিঠি লিখেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সাঈদ জামান শাওন। সেই চিঠিতে তিনি নিজেকে বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে পরিচয় দিয়ে তারেক রহমানের কাছে ‘নতুন বাংলাদেশ’-এর রূপরেখা নির্মাণে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেছেন।চিঠিতে সাঈদ জামান শাওন উল্লেখ করেন, রাজনীতিতে চাটুকার পরিবেষ্টন থেকে দূরে থাকা এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ বজায় রাখাই একজন নেতার প্রধান দায়িত্ব।
তিনি বলেন, দেশের মানুষ এখন রাজনীতিবিদদের ফাঁপা বক্তব্যে ক্লান্ত। এই প্রেক্ষাপটে তারেক রহমানের সাম্প্রতিক অবস্থানকে ইতিবাচক বলে উল্লেখ করে বিএনপিকে রাজনৈতিক শিষ্টাচারের নতুন মানদণ্ড স্থাপনের আহ্বান জানান তিনি।
চিঠিতে দলীয় শৃঙ্খলার বিষয়েও জোর দেওয়া হয়েছে।অভিনেতার মতে, দলের ভেতরে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে বা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে তারেক রহমানের প্রতি জনআস্থা আরো দৃঢ় হবে।এ ছাড়া জনদুর্ভোগ এড়াতে রাজনৈতিক কর্মসূচিতে আইন-শৃঙ্খলা রক্ষার বিষয়ে তারেক রহমানের সচেতনতাকে প্রশংসা করে ধন্যবাদ জানান তিনি।
চিঠিতে ভিন্নমতকে সম্মান করা এবং সমালোচনার জবাব কথায় নয়, কাজের মাধ্যমে দেওয়ার আহ্বান জানিয়েছেন শাওন।
ব্যক্তিগত আবেগের জায়গা থেকে তিনি উল্লেখ করেন, তারেক রহমান পিতা হারানোর বেদনা, ভাই হারানোর শোক, প্রিয়জনের জানাজায় অংশ নিতে না পারার যন্ত্রণা, শৈশবের ঘর হারানোর কষ্ট এবং দেশত্যাগের বেদনা গভীরভাবে বোঝেন।এসব অভিজ্ঞতা তাঁকে নিপীড়িত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার দায়িত্ব দেয় বলেও তিনি মনে করেন।চিঠির শেষে তারেক রহমানকে ‘নতুন বাংলাদেশ’-এর স্থপতি হিসেবে আত্মপ্রকাশের আহ্বান জানিয়ে লেখা হয়, “দেশে আপনাকে স্বাগতম , স্যার।”