মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কম্পানি লিমিটেড (এপিএসসিএল) পরিচালিত ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের সমন্বিত ট্যারিফ পুনর্নির্ধারণের অনুমোদন দেওয়া হয়েছে।এ বিদ্যুৎকেন্দ্রে প্রতি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুতের দাম ৫ দশমিক ৭৮৪৪ টাকা থেকে কমিয়ে ৫ দশমিক ৭৬৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো) বছরে প্রায় ১৯ কোটি ২৫ লাখ টাকা সাশ্রয় করতে পারবে।
বর্তমানে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে বাবিউবোকে বছরে প্রায় ১ হাজার ৫৯৩ কোটি ১৭ লাখ টাকা পরিশোধ করতে হয়। চুক্তির অবশিষ্ট ১৪ বছর ১১ মাস ২২ দিনের মেয়াদে মোট প্রায় ২৩ হাজার ৮৮০ কোটি ২ লাখ টাকা পরিশোধ করতে হবে।এ ছাড়া ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি) পরিচালিত হরিপুর ৪১২ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ পুনর্নির্ধারণের প্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকার। এখানে প্রতি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুতের দাম ৪ দশমিক ৭৭৯৬ টাকা থেকে কমিয়ে ৪ দশমিক ৭৫৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগামী আগস্ট ২০২৫ থেকে কার্যকর হবে। এতে বাবিউবো বছরে প্রায় ৩৬ কোটি ৬৮ লাখ টাকা সাশ্রয় করতে পারবে।
হরিপুর বিদ্যুৎকেন্দ্রটি বছরে প্রায় ৩০৫ দশমিক ৩৩ কোটি ইউনিট বিদ্যুৎ সরবরাহ করে থাকে।এ বিদ্যুৎ কিনতে বাবিউবোকে বছরে প্রায় ১ হাজার ৪৫৩ কোটি ১ লাখ ২০ হাজার টাকা দিতে হবে। চুক্তির অবশিষ্ট ১৩ বছর ৮ মাস ৫ দিনের মেয়াদে মোট ব্যয় হবে প্রায় ১৯ হাজার ৮৬৪ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকা।একই বৈঠকে ইজিসিবি পরিচালিত সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ পুনর্নির্ধারণেরও অনুমোদন দেওয়া হয়। এখানে প্রতি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুতের দাম ৫ দশমিক ৫২১৬ টাকা থেকে কমিয়ে ৫ দশমিক ৪২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগস্ট ২০২৫ থেকে কার্যকর হবে। এতে বাবিউবো বছরে প্রায় ৬৩ কোটি ১৩ লাখ টাকা সাশ্রয় করবে।বর্তমানে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রটি বছরে প্রায় ২৪৮ কোটি ২৭ লাখ ইউনিট বিদ্যুৎ সরবরাহ করছে। এ জন্য বাবিউবোকে বছরে প্রায় ১ হাজার ৩৪৫ কোটি ৭০ লাখ ৭৩ হাজার টাকা পরিশোধ করতে হচ্ছে। চুক্তির অবশিষ্ট ১৬ বছর ১ মাস ৯ দিনের মেয়াদে মোট ব্যয় দাঁড়াবে প্রায় ২১ হাজার ৬৭৫ কোটি ৩ লাখ ৯০ হাজার টাকা।