নিজের ফেসবুক পেজে আজ মঙ্গলবার এক পোস্টে লিটন লিখেছেন, ‘এশিয়া কাপ ২০২৫-এ আমরা দল হিসেবে আমাদের সেরাটা দিয়েছি।আমাদের মূল লক্ষ্য ছিল ফাইনালে ওঠা এবং শিরোপা জেতা। কিন্তু দুর্ভাগ্যবশত, আমরা তা অর্জন করতে পারিনি। দল হিসেবে আমরা বাংলাদেশের সব আবেগপ্রবণ সমর্থকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’ চোটের কারণে দলের গুরুত্বপূর্ণ শেষ দুই ম্যাচে খেলতে না পারার দুঃখ এখনো ভুলতে না পারার কথা জানিয়ে লিটন লিখেছেন, ‘ব্যক্তিগতভাবে, চোটের কারণে শেষ দুটি ম্যাচ খেলতে না পারা হৃদয়বিদারক ছিল।একই কারণে আসন্ন আফগানিস্তান সিরিজেও অংশ নিতে পারব না। আমি মাঠে ফেরার যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এটা আমাকে দীর্ঘ সময়ের জন্য কষ্ট দেবে।’ ফাইনালের কাছে গিয়েও হতাশ করায় ও টুর্নামেন্টজুড়ে ভক্তদের বাঁধভাঙ্গা সমর্থন পাওয়া নিয়ে লিটন লিখেছেন, ‘সবশেষে বলতে চাই, পুরো টুর্নামেন্টজুড়ে অভাবনীয় সমর্থনের জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ।বিশ্বের সেরা সমর্থকদের পেয়ে খেলোয়াড় হিসেবে আমরা সত্যিই ভাগ্যবান। আশা করি, আমরা খুব শিগগিরই আপনাদের যা প্রাপ্য তা ফিরিয়ে দিতে সক্ষম হব।’