রাজশাহীর পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে কলার হাটে বালুবাহী ট্রাক উল্টে যাওয়ায় নিচে চাপা পড়ে চারজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে উপজেলার ঝলমলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।
নিহতরা হলেন—নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের শাহীন আলীর ছেলে সিয়াম, পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামাণিকের ছেলে মুনকের প্রামাণিক, নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে সেন্টু ও রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে ইসলাম উদ্দিন।
পুলিশ সূত্রে জানা গেছে, পুঠিয়ার ঝলমলিয়ায় রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে কলার হাট বসে। কুয়াশার কারণে সকালে রাজশাহী থেকে নাটোরগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান।
সূত্র জানায়, নিহতদের মধ্যে একজনের লাশ বাড়ি নিয়ে গেছে স্বজনরা।পুলিশ ঘটনাস্থলে তিনজনের লাশ পায়। এ নিয়ে মোট চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসেরা কর্মীরা উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেন বলে সূত্র জানায়।
এ ক্যাটাগরির আরো নিউজ..