লক্ষ্মীপুরের রামগঞ্জে (লক্ষীপুর-১) নির্বাচনী উঠান-বৈঠককে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগের পাশাপাশি ও পাল্টাপাল্টি বক্তব্যও লক্ষ্য করা গেছে। এতে পরিস্থিতি যেকোন সময় উত্তপ্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয়রা।
জানা যায়— গত ১৪ ডিসেম্বর (রবিবার) উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দেহলা মজুমদার বাড়ির উঠানে দলীয় ‘উঠান-বৈঠক’ আয়োজন করেন স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। নির্ধারিত সময়ে উঠান-বৈঠকটিতে দলীয় নেতাকর্মীরা উপস্থিত হলে সেখানে গিয়ে বলপূর্বক চেয়ার ফেলা দেয়াসহ বাধা ও হট্টগোল পরিস্থিতি সৃষ্টি করেন সাবেক ওয়ার্ড ইউপি সদস্য ও স্থানীয় বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান (শান্তা)।
এ ঘটনাকে কেন্দ্র করে ঘটনার দিন রাতেই রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন। বিপরীতে উপস্থিত জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মারধর ও শাররিক হেনস্থার দাবি তুলেছেন মাহফুজুর রহমান শান্তা। তবে ঘটনাকে ভিন্ন বলছেন স্থানীয়রা।
এ ঘটনায় থানায় জমা দেয়া লিখিত অভিযোগপত্রে বলা হয়েছে, জামায়াতের নিয়মিত রাজনৈতিক কর্মসূচি চলাকালে অভিযুক্ত মাহফুজুর রহমান শান্তা ও তার সহযোগীরা সেখানে জোরপূর্বক উপস্থিত হয়ে হুমকি, অশালীন ভাষা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বৈঠক ভণ্ডুল করার চেষ্টা চালায়। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ভীতির পরিবেশ সৃষ্টি হয়।
অপরদিকে— অভিযুক্ত বিএনপি মাহফুজুর রহমান (শান্তা)’র দাবি, বাড়িতে ঢোকার পথে জামায়াতে ইসলামীর উপস্থিত কয়েকজন নেতাকর্মী মিলে তাকে ধাক্কা দেয় এবং শারিরিকভাবে আঘাত করেন।
এ বিষয়ে রামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. জলিল হোসেন প্রতিবেদককে বলেন, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর (শনিবার) রামগঞ্জ উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের দক্ষিণ দেহলা মজুমদার বাড়ির উঠানে কর্মী-সমর্থকদের নিয়ে উঠান-বৈঠকের আয়োজন করে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী। ওই কর্মসূচিস্থলে গিয়ে জামায়াত নেতাকর্মীদের সাথে বিবাদে জড়ান মাহফুজুর রহমান (শান্তা)। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মাহফুজুর রহমান (শান্তা)কে বেশ উত্তেজিত অবস্থায় দেখা গেছে।
লিডার্স/জি এম টি