রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় পূজার দায়িত্ব পালনরত অবস্থায় ৩০ রাউন্ড গুলিসহ পুলিশ সদস্যদের মালামাল চুরি হওয়ার ঘটনায় করা মামলায় তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।আসামিরা হলেন- মো. রফিকুল ইসলাম রিপন, মো. জিসান ও অলক চন্দ্র দাস।এদিন আসামিদের আদালতে হাজির করা হয়।এরপর মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক মো. নাজিম উদ্দীন তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার রাতে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।মামলার অভিযোগে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর রাত ১০টা থেকে পরের দিন ভোর ৪টা পর্যন্ত এসআই মোবাসশীরের নেতৃত্বে একদল পুলিশ ও আনসার সদস্য দুর্গাপূজা উপলক্ষে বাড্ডা থানাধীন পূর্ব মেরুল সাকিনস্থ শ্রী শ্রী মহাদেব আশ্রম ও নিমতলীর কালী মন্দিরের পাশে দায়িত্বরত ছিলেন। পুলিশের অপর গ্রুপ পূজা মন্ডপের উত্তর-পশ্চিম পাশের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় বিশ্রামে ছিলেন। বিশ্রামের পাশে কাপড়ে ঘেরাও স্থানে সকল সদস্যের অস্ত্র ও গোলাবারুদসহ মালামাল রাখা হয়। ভোর সাড়ে ৫টায় একজন আনসার সদস্য ঘুম থেকে উঠে দেখেন তার মোবাইল নেই।পরে অন্যরা মামামাল চেক করে দেখেন, দুটি স্মার্ট মোবাইল, ১টি বাটন ফোন, ১ জনের মানি ব্যাগ, চারটি ব্যবহৃত ব্যাগ ও ৩০ রাউন্ড গুলি চুরি হয়েছে। পরে তাৎক্ষণিক অনুসন্ধানে সকাল সোয়া ১০টার মধ্যে ৩০ রাউন্ড গুলিসহ চারটি ব্যাগ উদ্ধার করা হয়। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর বাড্ডা থানায় মামলা করেন পুলিশ সদস্য ইমতিয়াজ মাহমুদ।







