প্রশ্নফাঁস এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইস্যুতে কেন্দ্রে বিজেপি আর কংগ্রেস মুখোমুখি হলেও পাঞ্জাবে আবার দুই দল অভিন্ন কণ্ঠে রাজ্য শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছে। তাদের অভিযোগের তীর পাঞ্জাবে ক্ষমতাসীন আম আদমি পার্টির দিকে। তবে পাঞ্জাবে শাসক দল আম আদমি পার্টি প্রশ্ন ফাঁসের অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে। তাদের দাবি, কেন্দ্রের নিট পরীক্ষার প্রশ্নফাঁসের বিতর্ক থেকে মানুষের নজর ঘোরাতেই বিজেপি ও কংগ্রেস পাঞ্জাবে একজোট হয়ে এই মিথ্যা অভিযোগগুলো তুলছে।রবিবার (২৬ জুলাই) বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী পাঞ্জাবের বেশ কয়েকটি পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগ এনে প্রশ্ন করেছেন, ‘পাঞ্জাবের শিক্ষামন্ত্রী কবে পদত্যাগ করছেন?’ দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ধারাবাহিক আন্দোলনে সশরীরে গিয়ে নৈতিকতার প্রশ্নে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন আম আদমি পার্টির শীর্ষনেতা অরবিন্দ কেজরিওয়াল। তাই প্রদীপ ভাণ্ডারীর মূল লক্ষ্যও তিনি, ‘অরবিন্দ কেজরিওয়াল কবে নৈতিকতার খাতিরে পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইবেন?’