চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নে ধুরুং নদীর ভাঙনে বিলীন হতে চলেছে ২০০ বছরের পুরনো কবরস্থান। এবারের বর্ষায় টানা বৃষ্টি ও নদী থেকে বালু উত্তোলনে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।স্থানীয়দের অভিযোগ, ধুরুং নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে দিন-রাত নির্বিচারে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে বাঁধে ভাঙনের সৃষ্টি হয়ে বসতভিটা ও কবরস্থান নদীতে বিলীন হয়ে যাচ্ছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, কাঞ্চননগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাঞ্চননগর গ্রামের আবদুল হাকিম কেরানীবাড়ি সংলগ্ন কবরস্থানটির দুই-তৃতীয়াংশ ভেঙে পার্শ্ববর্তী ধুরুং নদীতে মিশে গেছে।স্থানীয় আবুল হাসান রুবেল জানান, নদীর পাড় ঘেঁষা এ কবরস্থানটিতে বছর দুয়েক আগেও শতাধিক কবর দৃশ্যমান ছিল। প্রতি শুক্রবার জুমার নামাজ শেষে গ্রামবাসী এখানে গিয়ে জিয়ারত করতেন। কিন্তু ড্রেজার মেশিন দিয়ে প্রতিনিয়ত বালু উত্তোলনের ফলে ব্যাপক ভাঙনে বহু কবর এখন নদীতে বিলীন হয়ে গেছে।স্থানীয় ব্যবসায়ী ইদ্রিস মনা জানান, এখানে কিছুদিন আগেও আমার মায়ের কবর দৃশ্যমান ছিল। কিন্তু নদীর অব্যাহত ভাঙনে সে কবরের চিহ্ন এখন আর নেই।এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে ভাঙনের মাত্রা আগের চেয়ে বেড়েছে বেশি। পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম বিভাগীয় উপ-প্রকৌশলী সোহাগ তালুকদার বলেন, ‘ধুরুং নদীর ভাঙন এলাকা পরিদর্শন করে অর্থ বরাদ্দের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কাঞ্চন নগর ইউপির প্রশাসক মো. নজরুল ইসলাম বলেন, ‘ড্রেজার মেশিন বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ভাঙনকবলিত কবরস্থানটি পরিদর্শন করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।’
এ ক্যাটাগরির আরো নিউজ..