বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক এবং ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে প্রণীত বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬ অনুযায়ী পুনর্গঠিত এই বোর্ডের সদস্য হলেন তিনি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বোর্ডটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। দেশের বন্যপ্রাণী সংরক্ষণ, নিরাপত্তা নিশ্চিতকরণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই ব্যবস্থাপনা বিষয়ে সরকারকে পরামর্শ দেওয়ার লক্ষ্যে এই বোর্ড গঠন করা হয়েছে।এতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং পরিবেশ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত রয়েছেন।
অধ্যাপক ড. নাজমুস সাদাত বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, পরিবেশ ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য নিয়ে তার দীর্ঘদিনের গবেষণা অভিজ্ঞতা রয়েছে। তার এই অন্তর্ভুক্তি খুবি তথা দেশের উচ্চশিক্ষা অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
অধ্যাপক ড. নাজমুস সাদাত বলেন, বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে অন্তর্ভুক্ত হওয়ার খবরটি জানার পর আমি অত্যন্ত গর্বিত অনুভব করেছি। বিষয়টি আমার গবেষণা ও কাজের ক্ষেত্রের সঙ্গে সরাসরি সম্পর্কিত, যা আমার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। আমি এটিকে একটি বড় দায়িত্ব হিসেবে দেখছি। জাতীয় পর্যায়ে এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
আশা করি, আমার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারব।প্রসঙ্গত, অধ্যাপক ড. নাজমুস সাদাত ১৯৯৯ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিন থেকে অনার্স এবং ২০০১ সালে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে ২০০৫ সালে নেদারল্যান্ডসের ওয়াগেনিঙ্গেন বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় মাস্টার্স এবং ২০১২ সালে জার্মানির জর্জ-আগস্ট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
এ ক্যাটাগরির আরো নিউজ..