শনিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প ওই বিজ্ঞাপনকে প্রতারণা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি ওয়ার্ল্ড সিরিজ বেসবল চ্যাম্পিয়নশিপের আগেই এটি সরিয়ে না ফেলায় কানাডার কর্মকর্তাদের তীব্র সমালোচনা করেছেন।ট্রাম্প লিখেছেন, তথ্যের মারাত্মক ভুল উপস্থাপনা এবং বৈরি আচরণের জন্য কানাডা এখন যা দিচ্ছে, আমি তার চেয়ে ১০ শতাংশ বেশী শুল্ক বৃদ্ধি করছি। তিনি বৃহস্পতিবার কানাডার সাথে আলোচনা থেকে সরে যাওয়ার পর অন্টারিও রাজ্য সরকারের প্রধান ডগ ফোর্ড জানান তিনি ওই বিজ্ঞাপনটি প্রত্যাহার করবেন। তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে আলোচনার পর ওই সিদ্ধান্তের কথা জানান ‘যাতে বাণিজ্য আলোচনা শুরু হতে পারে’।
দ্যা রোনাল্ড রিগ্যান ফাউন্ডেশনও একটি সিলেকটিভ অডিও- ভিডিও নিয়ে তৈরি করায় বিজ্ঞাপনটির সমালোচনা করেছে। তারা বলছে এটি রিগ্যানের বক্তব্যকে ভুলভাবে তুলে ধরেছে। তারা আরো জানিয়েছে যে, অন্টারিও সরকার এই বক্তব্য ব্যবহারের কোনো অনুমতি নেয়নি।
মালয়েশিয়া যাওয়ার সময় ট্রাম্প লিখেন, বিজ্ঞাপনটি দ্রুত সরিয়ে ফেলা উচিত ছিলো। কিন্তু প্রতারণা জেনেও তারা ওয়ার্ন্ড সিরিজ চলাকালে গতরাতেও তা প্রচার হতে দিয়েছে। ওদিকে ফোর্ড এর আগে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতৃত্বে থাকা প্রতিটি ডিসট্রিক্টে ‘রিগ্যান বিজ্ঞাপন’টি চালানোর অঙ্গীকার করেছিলেন।
এদিকে ট্রাম্প ও কার্নি দুজনেই মালয়েশিয়ায় আসিয়ানের বৈঠকে যোগ দিবেন। তবে বিমানে থাকার সময় ট্রাম্প সফরসঙ্গী সাংবাদিকদের বলেছেন, সফরকালে কানাডার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের কোনো ইচ্ছে তার নেই। ট্রাম্প তার পোস্টে অভিযোগ করেন, শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে থাকা মামলা নিয়ে কানাডা কারসাজির চেষ্টা করছে। এ মামলা তার পুরো ‘শুল্ক শাসনের’ অবসান ঘটাতে পারে।