উত্তরা পাবলিক লাইব্রেরির উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বীর মুক্তিযোদ্ধা মো. হেলাল উদ্দিন খান-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ জানুয়ারি ২০২৬, বাদ আসর লাইব্রেরির হল রুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে পরিচালনা করেন উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা মোহাম্মদ তারেকউজ্জামান খান।
অনুষ্ঠানের শুরুতে হাফেজ ছাত্রদের মাধ্যমে পবিত্র কুরআন খতম সম্পন্ন করা হয়। এ সময় স্থানীয় আলিমগণ উপস্থিত থেকে কুরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন। পাশাপাশি উত্তরা পাবলিক লাইব্রেরির পাঠক, শুভানুধ্যায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মো. হেলাল উদ্দিন খানের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন আমন্ত্রিত ব্যক্তিরা । তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে তার অবদান এবং স্বাধীন বাংলাদেশে একজন দায়িত্বশীল প্রশাসক হিসেবে তার ভূমিকা জাতি চিরদিন স্মরণ করবে। সততা, দেশপ্রেম ও নিষ্ঠার মাধ্যমে তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন বলেও বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা মোহাম্মদ তারেকউজ্জামান খান। তিনি মরহুম মো. হেলাল উদ্দিন খানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “তিনি ছিলেন একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা ও সৎ প্রশাসক। তার মতো মানুষ জাতির জন্য অনুকরণীয়।” তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ।
এসময় তারেকউজ্জামান খান উত্তরা পাবলিক লাইব্রেরির কার্যক্রম অব্যাহত রাখার জন্য সকলের দোয়া কামনা করেন এবং বলেন, জ্ঞানচর্চা ও সামাজিক দায়িত্ববোধ তৈরিতে এই লাইব্রেরি ভবিষ্যতেও কাজ করে যাবে।
শেষে মরহুমের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং উত্তরা পাবলিক লাইব্রেরির উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।