সিরাজগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদকে (১৮) কুপিয়ে হত্যা মামলার আরো এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে গাজীপুরে পলাতক থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. হৃদয় (১৯) সিরাজগঞ্জ শহরের ধানবান্দি মহল্লার জাহাঙ্গীর হোসেনের ছেলে।
এ নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হলো।
মৃত রিয়াদ সিরাজগঞ্জ শহরে সয়াধানগড়া খানপাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে। তিনি সিরাজগঞ্জ ইসলামীয়া কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সদস্য ছিলেন।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে র্যাব-১২ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার উসমান গনি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১২ ও র্যাব-১-এর যৌথ অভিযানে বৃহস্পতিবার রাতে গাজীপুরের গাছা উপজেলার মালেকের বাড়ি এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি হৃদয়কে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে তাকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কলেজছাত্র রিয়াদ ২৮ ডিসেম্বর প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হন। বিকেল সাড়ে ৪টার দিকে শহরের (চৌরাস্তা মোড়) বাহিরগোলা রোডে রাস্তার ওপর সিএনজির ভেতরে বসে থাকা অবস্থায় পূর্বশক্রতার জেরে ১০-১২ জন তাকে বারমিচ চাইনিজ টিপ চাকু, চায়নিজ কুড়াল, রামদা, চাপাতি ও ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে চলে যায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ এম মুনসুর আলী মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা রেজাউল করিম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।