ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট-বল হাতে আবারও ব্যর্থ হলেন সাকিব আল হাসান। শনিবার অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নেমে বড় ব্যবধানে হেরে যায় সাকিবের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।
প্রথমে ব্যাট করতে নেমে গায়ানা তোলে ২১১ রান। জবাবে ব্যাট হাতে নেমে ফ্যালকনস গুটিয়ে যায় মাত্র ১২৮ রানে।ফলে সাকিবের দল হারে ৮৩ রানের ব্যবধানে।সাকিব বল হাতে প্রথমবার দুই ওভার করার সুযোগ পেলেও কোনো সাফল্য পাননি। ২ ওভারে খরচ করেছেন ১৬ রান। ব্যাট হাতে নামেন পাঁচ নম্বরে, করেন মাত্র ৭ বলে ৮ রান।ইমরান তাহিরের বলে স্টাম্পিং হয়ে বিদায় নেন তিনি।পুরো টুর্নামেন্টেই যেন অফফর্মের বৃত্তে ঘুরছেন সাকিব। চার ইনিংসে এখন পর্যন্ত তার রান মাত্র ৩৯, আর বোলিংয়ে চার ম্যাচে একটি উইকেট।অন্যদিকে, গায়ানার হয়ে শাই হোপ খেলেন ৫৪ বলে ৮২ রানের দারুণ ইনিংস।শিমরন হেটমায়ার ঝড় তোলেন ২৬ বলে ৬৫ রান করে। ইনিংসের শেষদিকে রোমারিও শেফার্ড মাত্র ৮ বলে ২৫ রান যোগ করলে গায়ানা সহজেই পৌঁছে যায় ২ শর উপরে।ফ্যালকনসের ব্যাটিংয়ে কিছুটা আলো ছড়িয়েছেন কারিমা গোর। খেলেছেন ১৪ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস। এরপর ইমরান তাহিরের ঘূর্ণিতে ভেঙে পড়ে পুরো দল।অভিজ্ঞ লেগস্পিনার ৪ ওভারে ২১ রান দিয়ে নেন ৫ উইকেট।সিপিএলে এবারের আসরে এটি সাকিবের দলের দ্বিতীয় হার। পাঁচ ম্যাচে ফ্যালকনসের জয় দুটি, একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।







