চলতি মাসের শুরুতে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেন। মিলওয়াকি ও ওয়াশিংটনে অনুষ্ঠিত এসব বৈঠকে প্রস্তাবিত বাণিজ্য চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
গত ফেব্রুয়ারিতে ভারত ও যুক্তরাষ্ট্র জানিয়েছিল, দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির (বিটিএ) প্রথম ধাপের কাঠামো চূড়ান্ত হয়েছে। তবে পরে যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে পরিবর্তন আসায় চুক্তি নিয়ে আবারও আলোচনা শুরু করতে হয়।
সম্প্রতি নয়াদিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরও চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, ‘বড় বিষয়গুলোর সমাধান হয়ে গেছে।’ দুই দেশ চুক্তি চূড়ান্ত করার কাছাকাছি রয়েছে বলেও জানান তিনি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও এ বিষয়ে আশাবাদী। তিনি বলেছেন, দুই দেশই চূড়ান্ত সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে।
ট্রাম্প, রুবিও এবং অন্য কর্মকর্তাদের বক্তব্যে চুক্তি নিয়ে অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে। তবে চুক্তিটি আগের চুক্তিগুলোর চেয়ে আলাদা হবে বলে ট্রাম্প যে মন্তব্য করেছেন, তাতে এর চূড়ান্ত শর্ত সম্পর্কে এখনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।