টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে গ্রুপ-১-এ জায়গা করে নিয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। শেষ আটের এই লড়াইয়ে সব দলই এখন পর্যন্ত অপরাজিত থাকায় প্রতিযোগিতা জমে উঠেছে বেশ।
তবে ভারতের সেমিফাইনাল সম্ভাবনা নিয়ে ভিন্ন মত পোষণ করেছেন পাকিস্তানের সাবেক পেসার আমির। সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে তিনি দাবি করেন, সুপার এইট গ্রুপ-১ থেকে সেমিফাইনালে উঠবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ—ভারত নয়।
আমিরের যুক্তি, গ্রুপপর্বে পাকিস্তান ম্যাচ ছাড়া বাকি খেলাগুলোতে ভারতের ব্যাটিংয়ে ধস নেমেছে। তার মতে, সুপার এইট পর্বে চাপ আরো বাড়বে এবং সেই চাপ সামলাতে হিমশিম খেতে পারে ভারত। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছে, তারা যেকোনো দলকে হারাতে সক্ষম।’
এর আগেও ভারতের ওপেনার অভিষেক শর্মাকে ‘স্লগার’ আখ্যা দিয়ে সমালোচনায় এসেছিলেন আমির।তার সেই মন্তব্য ঘিরে ক্রিকেট মহলে ব্যাপক আলোচনা হয়।তবে পরিসংখ্যান বলছে ভিন্ন গল্প। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে আইসিসি টুর্নামেন্টে ভারতের পারফরম্যান্স অত্যন্ত ধারাবাহিক। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে তারা ছিল অপরাজিত।
সর্বশেষ ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচে ভারতের জয় ৩৭টি—যা তাদের আধিপত্যই প্রমাণ করে।অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে দলটি নিজেদের মাটিতে আরো আত্মবিশ্বাসী। যদিও কিছু ব্যাটার এখনো বড় ইনিংস খেলতে পারেননি, তবু দলীয় ভারসাম্য ও গভীরতা ভারতের বড় শক্তি।
সুপার এইটে ভারতের সূচি
২২ ফেব্রুয়ারি: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা — আহমেদাবাদ
২৬ ফেব্রুয়ারি: ভারত বনাম জিম্বাবুয়ে — চেন্নাই
১ মার্চ: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ — কলকাতা।
সব মিলিয়ে সুপার এইট গ্রুপ ১ হতে যাচ্ছে রোমাঞ্চকর।আমিরের ভবিষ্যদ্বাণী সত্যি হবে, নাকি নিজেদের আধিপত্য বজায় রেখে সেমিফাইনালে জায়গা করে নেবে ভারত—তার উত্তর মিলবে মাঠের লড়াইয়েই।
এ ক্যাটাগরির আরো নিউজ..