মরহুম আলহাজ্ব আব্দুল খালেক মাস্টারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবার ব্যবস্থা করিয়াছেন তার স্বজনেরা।
বুধবার (১৯ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত মরহুমের পরিবারের সদস্যদের উদ্যোগে উপজেলার দলপা ইউনিয়নের পশ্চিম বাজারস্থ জোবায়দা ম্যানসনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে চোখ, দাঁত, মেডিসিন ও শিশু রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন বয়সী রোগীদের প্রয়োজনীয় পরামর্শও প্রদান করা হয়। এলাকার অসহায় ও দরিদ্র মানুষের জন্য এমন উদ্যোগকে মানবিক ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।
এ সময় উপস্থিত ছিলেন মরহুমের সন্তান বিচার বিভাগের জেলা ও দায়রা জজ এবং বর্তমানে সিলেট বিভাগীয় শ্রম আদালতের চেয়ারম্যান নুরুল আলম মোহাম্মদ নিপু, নুরুন্নবী মো. টিপু, পরিবারের অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নুরুন্নবী মো. টিপু বলেন, এ ফ্রি মেডিকেল ক্যাম্পের মূল উদ্দেশ্য মানুষকে চিকিৎসাসেবা প্রদান করা এবং ‘মানুষ মানুষের জন্য’ এই সত্যটুকু সবার মাঝে পৌঁছে দেওয়া। প্রতি বছরই এ ক্যাম্পের মাধ্যমে শত শত অসহায় মানুষকে চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করা হয়।