ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস’ (আইআরজিসি)-এর গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সাঈদ মাজিদ খাদেমি নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) সকালে এক ভয়াবহ হামলায় তার মৃত্যু হয়। আইআরজিসি এক বিবৃতিতে এই খবরের সত্যতা নিশ্চিত করে একে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছে।
একই দিনে পৃথক এক হামলায় ইরানের সেনাবাহিনীর এয়ার ডিফেন্স কলেজের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জারে নিহত হয়েছেন।ইস্পাহান প্রদেশের শাহিন শাহর এলাকায় এই হামলা চালানো হয় বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও আনাদোলু নিউজ এজেন্সি নিশ্চিত করেছে।মেজর জেনারেল খাদেমি গত বছর জুনে গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, যখন তার পূর্বসূরি মোহাম্মদ কাজেমী একইভাবে ইসরায়েলি হামলায় প্রাণ হারান। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গত কয়েক মাসে ইরানের শীর্ষ নেতা আলী খামেনিসহ প্রায় ১,৩৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এই সংঘাতে।







