মালয়েশিয়ার কুয়ালালামপুরে জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত এবং জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ করা হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানী কুয়ালালামপুরের জি টাওয়ার হোটেলের বলরুমে সভা অনুষ্ঠিত হয়। এ সময় মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণ-অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।তিনি জানান, বর্তমান নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। এবারই প্রথম প্রবাসীগণ জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এ লক্ষ্যে নির্বাচন কমিশন নিরলস কাজ করছে।বক্তৃতায় তিনি প্রবাসীদের ভোটদানের প্রক্রিয়া বর্ণনা করেন। তিনি আরো জানান, প্রবাসী ভোটারদের জন্য ‘তথ্য-প্রযুক্তি-সহায়ক পোস্টাল ভোটিং’ চালুর পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।অনলাইনে ভোটার হিসেবে আবেদন এবং নিবন্ধনের সুযোগ রাখা হচ্ছে। প্রবাসীগণকে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধন করতে হবে। এরপর প্রবাসীদের ঠিকানায় পোস্টের মাধ্যমে ব্যালট পেপার এবং ফিরতি খাম পাঠানো হবে। প্রবাসীগণ ভোট প্রদান করে নির্বাচন কমিশন প্রদত্ত নির্ধারিত খামে ব্যালট পেপার পোস্ট করবেন, যা সংশিষ্ট রিটার্নিং অফিসারের কাছে চলে যাবে।ভোটারগণ তার ব্যালট কোথায় যাচ্ছে তা অনলাইনে ট্রাকও করতে পারবেন বলে তিনি জানান। তিনি এ প্রক্রিয়ায় প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।সভা শেষে নির্বাচন কমিশনার প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ করেন এবং উপস্থিত প্রবাসী ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।







