গাজায় যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে আলোচনার জন্য একটি আন্তর্জাতিক সম্মেলন আজ সোমবার মিসরে অনুষ্ঠিত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি শারম আল-শেখে অনুষ্ঠিত এই সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন।
তাদের সঙ্গে আরো বেশ কয়েকজন বিশ্বনেতা অংশ নিচ্ছেন। এদের মধ্যে নিশ্চিতভাবে উপস্থিত থাকবেন — যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।এ ছাড়া জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও সম্মেলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।প্যালেস্টাইনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় জানিয়েছে, গাজার যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তি সম্পন্ন করার উদ্দেশ্যে তিনি এই সম্মেলনে উপস্থিত থাকবেন।এক বিবৃতিতে মিসরীয় প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, সম্মেলনের লক্ষ্য হলো গাজা উপত্যকায় যুদ্ধের অবসান ঘটানো, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রচেষ্টা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার নতুন যুগের সূচনা করা।যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই সপ্তাহে হওয়া এক চুক্তির প্রথম ধাপে ইসরায়েলি সেনারা আংশিকভাবে পিছু হটেছে।গাজায় ইসরায়েলের যুদ্ধ এখন পর্যন্ত ৬৭ হাজারেরও বেশি মানুষের প্রাণ নিয়েছে এবং ক্ষুধাপীড়িত এ অঞ্চলের অধিকাংশ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।






