আরেকটি বড় ভুল হলো, ব্লিস্টার প্যাক থেকে সব ট্যাবলেট বের করে আলাদা কৌটায় রাখা। ব্লিস্টার প্যাক আসলে ওষুধকে আর্দ্রতা ও অক্সিজেন থেকে রক্ষা করার জন্য বিশেষভাবে ডিজাইন করা। একবার ট্যাবলেট বের করে নিলে এই সুরক্ষা নষ্ট হয়ে যায় এবং ওষুধ দ্রুত ক্ষয় হয়ে যায়। তাই ওষুধ সবসময় মূল প্যাকেটেই রাখা উচিত এবং লেবেল ঠিকভাবে রেখে দেওয়া জরুরি। ওষুধের লেবেলে স্টোরেজ নির্দেশ, এক্সপায়ারি, ব্যাচ নম্বর-সহ গুরুত্বপূর্ণ তথ্য থাকে যা ভুলভাবে রাখলে সহজেই হারিয়ে যেতে পারে।অনেক সময় ক্রিম বা অয়েন্টমেন্ট চরম গরমে আলাদা হয়ে যায়, সিরাপ ঘন হয়ে যায়, আর সফট জেল ক্যাপসুল আঠার মতো লেগে যায়। এই পরিবর্তনগুলো দেখা গেলেও ওষুধের কিছু পরিবর্তন দেখা যায় না। এ কারণে নিয়মিতভাবে প্যাকেট খুলে ওষুধের গন্ধ, রং বা গঠন বদলেছে কি না, খেয়াল রাখা দরকার।
কিছু ওষুধ যেমন নত্রো-গ্লিসারিন বা কিছু ভিটামিন আলোয় সংবেদনশীল। অর্থাৎ, সরাসরি সূর্যের আলো পড়লে দ্রুত নষ্ট হয়ে যায়। তাই খোলা তাক, জানালার পাশে বা গাড়িতে এই ওষুধগুলো রেখে দেওয়া একদমই অনুচিত।
ওষুধ রাখার জায়গা বেছে নিন
ঠিকমতো ওষুধ সংরক্ষণ করতে হলে ঘরের এমন একটি জায়গা বেছে নিন, যা ঠাণ্ডা, শুকনা ও আলোহীন। শোবার ঘরের আলমারি, ড্রয়ার বা বসার ঘরের কোনো উঁচু তাক—এগুলো সাধারণত নিরাপদ। একইসঙ্গে ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখা অবশ্যই জরুরি। ফ্রিজে রাখার প্রয়োজন হলে ফ্রিজের মেইন কম্পার্টমেন্টে রাখুন, কখনো ফ্রিজের দরজায় রাখবেন না। কারণ সেখানে তাপমাত্রা ওঠানামা বেশি হয়।