নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশাচালককে অজ্ঞান করে অটোরিকশাটি নিয়ে পালিয়েছে দুষ্কৃতকারীরা। পরে চালক মেহেদী হাসানকে (২৩) অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য স্বজনরা রাত সাড়ে ১১টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লা থানাধীন সিবু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘অটোরিকশাচালককে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ চালকের শ্যালক কাউসার জানান, মেহেদী হাসান পেশায় অটোরিকশাচালক। যাত্রী বেশে কয়েকজন দুষ্কৃতকারী তার রিকশায় উঠে কিছু খাওয়ানোর পর তাকে অচেতন করে সিবু মার্কেট এলাকায় ফেলে যায় এবং অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।মেহেদী হাসান চাঁদপুর সদর উপজেলার ঢালি ঘাট এলাকার রিপন ব্যাপারীর ছেলে।







