লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
আজ (২০ জানুয়ারী) নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন।
জানা গেছে, রাজনৈতিক সমঝোতা, জোটগত সিদ্ধান্ত ও বর্তমান নির্বাচন পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় জামায়াত নেতারা জানান, দলীয় স্বার্থ ও বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
জামায়াত ইসলামের পদপ্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী বলেন, দলীয় সিদ্ধান্ত ও জোটগত রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই আমি মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। এটি কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং সংগঠনের বৃহত্তর স্বার্থে নেওয়া একটি কৌশলগত পদক্ষেপ। লক্ষ্মীপুর-১ আসনে (এনসিপির শাপলা কলির প্রতীক) বিজয় করার লক্ষ্যে এগিয়ে নিতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।
এদিকে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের খবরে লক্ষ্মীপুর- রামগঞ্জ ১ আসনের রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত আসন্ন নির্বাচনে সমীকরণে প্রভাব ফেলতে পারে এবং অন্যান্য প্রার্থীদের অবস্থান আরও শক্ত বা দুর্বল হতে পারে।
উল্লেখ্য, লক্ষ্মীপুর-১ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। মনোনয়ন প্রত্যাহারের পর এখন এই আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট আকার ধারণ করবে বলে ধারণা করা হচ্ছে।