অবকাঠামো উন্নয়নে মাইলফলক
২০২৫ সালের অন্যতম বড় অর্জন আসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভা থেকে।২০২৫-২৬ অর্থবছরের ষষ্ঠ একনেক সভায় নোবিপ্রবির জন্য অনুমোদন পায় ৩৩৪ কোটি ৪৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পের আওতায় প্রায় সাত বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বহুল প্রত্যাশিত ‘একাডেমিক ভবন-০৩’ পুনর্নির্মাণ অন্তর্ভুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও গবেষণাগার সংকট নিরসনের সম্ভাবনা তৈরি হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে একাডেমিক কার্যক্রমে গতি আসবে।
২০২৫ সালে আন্তর্জাতিক অঙ্গনে নোবিপ্রবির দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।এ বছর বিশ্বের ২১টি বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) সই করে প্রতিষ্ঠানটি। এসব চুক্তির মাধ্যমে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং একাডেমিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।একই সঙ্গে ডিজিটাল সেবার প্রসারে নোবিপ্রবি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এবং তাদের ফিনটেক প্ল্যাটফর্ম ‘উপায়’-এর সঙ্গে চুক্তি করে। এর মাধ্যমে ক্যাশলেস ক্যাম্পাস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়, যা প্রশাসনিক ও আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনবে বলে আশা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে নোবিপ্রবিতে প্রথমবারের মতো আয়োজন করা হয় গবেষণা মেলা। এতে বিভিন্ন ক্যাটাগরিতে ১০১ জন শিক্ষক ও শিক্ষার্থী পুরস্কৃত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
২০২৫ সাল নোবিপ্রবির জন্য বিতর্কহীন ছিল না। ১৩ জন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশ্লিষ্টদের কাছে তথ্য চেয়ে চিঠি পাঠায়, যা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে রিসার্চ সেলে। প্রথমে প্রায় ৪৩ লাখ টাকার অনিয়ম ধরা পড়লেও পরবর্তী তদন্তে প্রায় ১ কোটি ৪২ লাখ টাকা আত্মসাতের প্রমাণ মেলে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করে। মামলাটি বর্তমানে বিচারাধীন।
যৌন হয়রানি ও নিরাপত্তা সংকট
এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক সহকারী অধ্যাপককে চাকরি থেকে অপসারণ করা হয়। ঘটনাটি ক্যাম্পাসে নিরাপত্তা ও নৈতিকতার প্রশ্ন নতুন করে সামনে আনে।এ ছাড়া নোবিপ্রবির শিক্ষার্থীদের বহনকারী বাসে উঠে স্থানীয় রাজনৈতিক এক নেতার সন্ত্রাসী হামলার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যস্থতায় অভিযুক্ত ব্যক্তি ক্ষমা চান।
ছাত্ররাজনীতি : নিষেধাজ্ঞার মধ্যেও সক্রিয়তা
নোবিপ্রবি ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকলেও ২০২৫ সালে রাজনৈতিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এ বছর নোবিপ্রবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের কমিটিও গঠিত হয়। এসব ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে ছাত্ররাজনীতির ভবিষ্যৎ ও প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়।
বছর শেষের প্রতিচ্ছবি
সব মিলিয়ে ২০২৫ সাল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ছিল অর্জন ও চ্যালেঞ্জের যুগপৎ অধ্যায়। একদিকে অবকাঠামো উন্নয়ন, গবেষণা ও আন্তর্জাতিক স্বীকৃতি, অন্যদিকে অনিয়ম, নিরাপত্তা সংকট ও রাজনৈতিক তৎপরতা—এই দুই মেরুর টানাপোড়েনেই শেষ হচ্ছে বছরের হিসাব। নতুন বছরে নোবিপ্রবির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে অর্জনগুলোকে টেকসই করা এবং একই সঙ্গে জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করা।