আহতদের স্বজনরা জানান, ওনজুর হাসপাতালে তাদের চিকিৎসা ব্যয় প্রতিদিনই বাড়ছে। পরিবারের পক্ষে এ বিপুল ব্যয়ভার বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দূর দেশে চিকিৎসার জটিলতা, অর্থনৈতিক চাপ এবং মানসিক যন্ত্রণায় পরিবারগুলো দিশাহারা হয়ে পড়েছে। সরকারের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।
রাজিদ আয়মানের বাবা স্কুল শিক্ষক নান্নু মিয়া কালের কণ্ঠকে বলেন, ‘ছোটবেলা থেকেই আমার ছেলের স্বপ্ন ছিল উচ্চশিক্ষায় বিদেশে লেখাপড়া করবে। দুই বন্ধু উচ্চশিক্ষার জন্য দক্ষিণ কোরিয়ার কিউংডং বিশ্ববিদ্যালয়ের বিবিএ ভর্তির আবেদন করে। মেধা তালিকায় সেখানে চান্স পাওয়ার পর আমি অনেক কষ্টে টাকা ম্যানেজ করে তাকে সেখানেই পাঠাই। গত মঙ্গলবার রাতে স্কুটি দুর্ঘটনায় তারা দুজনই আহত হয়ে এখন হাসপাতালে আইসিইউতে ভর্তি। তার এখনো জ্ঞান ফেরেনি। সেখানে তাদের সহপাঠীদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আমি আমার ছেলের জন্য সবার কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার ছেলেকে আমার বুকে ফিরায় দেন।’
হাসিবুল হাসান চৌধুরীর বাবা ওমর ফারুক চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ‘রাজিদ ও হাসিবুল মঙ্গলবার রাতে ওনজু শহরের একটি বাজারে কেনাকাটা করে বাসায় ফেরার পথে শিহাব নামে বিশ্ববিদ্যালয়ের তাদের অপর এক বড় ভাই তাদের বাসায় পৌঁছে দেওয়ার জন্য স্কুটিকে জোর করে তোলে। স্কুটি চালাচ্ছিলেন শিহাব। কিছুদূর যাওয়ার পর সড়কের স্পিডব্রেকারে (গতিরোধক) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে। এতে তিনজনই গুরুতর আহত হয়। পরে পুলিশ এসে তিনজনকে হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আইসিইউতে ভর্তি করা হয়। আমার ছেলে ও তার বন্ধু এখন মৃত্যুশয্যায়, ৮ দিন পার হলেও তাদের কারো জ্ঞান ফেরেনি। তার মা বাসায় কান্নাকাটি করছে, জানি না ছেলে বেঁচে ফিরবে কি না। আমার ছেলে ও তার বন্ধুর জন্য আমি দেশবাসীর কাছে দোয়া চাই।’