হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি দেখাচ্ছে যে এই সংকটের কোনো সামরিক সমাধান নেই- সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ এ এমনই বার্তা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার মতে, সমস্যার সমাধান হতে পারে কেবল আলোচনার মাধ্যমে এবং পাকিস্তানের মধ্যস্থতায় সেই আলোচনা অগ্রসর হচ্ছে।
তিনি আরো সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রকে সাবধানে চলতে হবে, যাতে অন্য কোনো পক্ষ তাদের ভুল পথে নতুন সংঘাতে না জড়িয়ে ফেলে। একই সতর্কতা তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রতিও দিয়েছেন।
আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’- এর সমালোচনা করে বলেন, এটি সমস্যার কোনো সমাধান না করে আরো জটিলতা তৈরি করছে।এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ নিরাপদ রাখতে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন। এই অভিযানের নাম দেওয়া হয় ‘প্রজেক্ট ফ্রিডম’। এতে যুদ্ধবিমান ও ডেস্ট্রয়ার ব্যবহার করা হয়।এই ঘটনার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরো বেড়ে যায়। ইরান দাবি করে, তারা মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলে, তারা ইরানের দ্রুতগতির সাতটি নৌযানকে ধ্বংস করেছে।
তবে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস বলেছে, ইরানের নৌযান ধ্বংসের খবর ঠিক নয়।এদিকে ট্রাম্প হুমকি দেন, ইরান যদি মার্কিন জাহাজে হামলা চালায়, তাহলে দেশটিকে ‘পৃথিবীর মানচিত্র থেকেই মুছে ফেলা হবে’।
বর্তমানে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অনেক কমে গেছে। শিপিং কোম্পানি মায়েরস্ক জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সহায়তায় তাদের একটি জাহাজ নিরাপদে প্রণালি পার হয়েছে।
অন্যদিকে ইরান বলেছে, গত রাতে এই পথে কোনো বাণিজ্যিক বা তেলবাহী জাহাজ চলাচল করেনি।
এ ক্যাটাগরির আরো নিউজ..