ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজও সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জেলা ইনকিলাব মঞ্চের সদস্যরা। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টা থেকে নগরের চৌহাট্টায় জেলা ইনকিলাব মঞ্চ, শাবিপ্রবি ও সিলেটের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
দেশের সব বিভাগীয় শহরে একযোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। রবিবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের এ কর্মসূচি চলমান ছিল।এর আগে গতকাল শনিবারও একই দাবিতে একই এলাকায় রাত পর্যন্ত বিক্ষোভ করেন তারা।বিক্ষোভ সমাবেশে বক্তারা ওসমান হাদি হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় তারা বলেন, ‘ওসমান হাদির হত্যাকারীরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় সবাই উৎকণ্ঠিত। সরকার এই হত্যার বিচারে টালবাহানা করছে।আগামী তিন দিনের মধ্যে চার্জশিট ও ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন করতে হবে বলেও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। তারা জানান, বিচারিক কার্যক্রম ত্বরান্বিত না হওয়ার আগ পর্যন্ত রাজপথে তাদের অবস্থান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুরে জুমার নামাজ শেষে রিকশা দিয়ে ফেরার পথে রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।পরে সেখান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এ ক্যাটাগরির আরো নিউজ..